নওগাঁর ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে। সূর্যদেবের আশীর্বাদ কামনা, পরিবার-পরিজনের মঙ্গল এবং বিশ্ববাসীর কল্যাণ প্রার্থনায় এ পূজায় অংশ নেন বিভিন্ন বয়সী শত শত পুণ্যার্থী।
গত ১৫ নভেম্বর (রোববার) বিকেলে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুপসি ছোট নদীর তীরে এ পূজার আয়োজন করা হয়। প্রতিবছর কালীপূজার পর ষষ্ঠী তিথিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ পূজা উদযাপিত হয়ে আসছে।
পূজা উপলক্ষে সকাল থেকেই উপবাস পালন করেন ভক্তরা। বিকেলে ফুল, ফল, প্রসাদ, প্রদীপ, ডালা-কুলা ও বাদ্যযন্ত্রসহ বিভিন্ন পূজাসামগ্রী নিয়ে তাঁরা নদীর তীরে সমবেত হন। সূর্যাস্তের ঠিক আগে কোমরসমান পানিতে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে মুখ করে প্রদীপ প্রজ্বালন, প্রসাদ নিবেদন ও প্রার্থনা করেন। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শত শত পুণ্যার্থীর উপস্থিতিতে নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরদিন ১৬ নভেম্বর (সোমবার) ভোরে আবারও নদীর তীরে সমবেত হন ভক্তরা। সূর্যোদয়ের আগমুহূর্তে পানিতে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন তাঁরা। সূর্যোদয়ের পর প্রণাম ও স্নান শেষে শরবত পান করে উপবাস ভঙ্গের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ধর্মীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
পূজায় অংশ নেওয়া ভক্তরা জানান, সূর্য পূজার মূল উদ্দেশ্য হলো নিজের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ পৃথিবীর সব মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা। তাঁদের বিশ্বাস, সূর্যদেবের আশীর্বাদে পরিবারে সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়।
এ সময় এক নববধূ লাল শাড়ি পরে পূজায় অংশ নেন। নদীর পানিতে কোমরসমান দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করে তিনি বলেন, নতুন সংসারে পরিবারের সবার সঙ্গে যেন সুখে-শান্তিতে জীবন কাটাতে পারেন, সেই প্রার্থনা নিয়েই তিনি সূর্য পূজা করেছেন।
হিন্দুধর্মে সূর্যকে শক্তি, আলো, জীবন ও প্রাণশক্তির উৎস হিসেবে শ্রদ্ধা করা হয়। সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন, উপবাস এবং সূর্যোদয় ও সূর্যাস্তে প্রার্থনার রীতি প্রাচীনকাল থেকেই প্রচলিত। এ ধরনের ধর্মীয় আচার ভারতের বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ‘ছট পূজা’ নামে পরিচিত। ছট পূজায় সন্ধ্যায় অস্তগামী সূর্য এবং পরদিন সকালে উদীয়মান সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পারিবারিক মঙ্গল কামনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে ধামইরহাটের ঘুপসি নদীর তীরে অনুষ্ঠিত এ সূর্য পূজা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 


















