শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী শহরের আশপাশে জড়ো হতে থাকেন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলা হয় এবং সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের আরও কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দেওয়া হয়।
পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান এবং কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা। এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীদের শহরে প্রবেশের ফলে দুপুরের দিকে জেলা শহরের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও এ সময় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্টাফ রিপোর্টার 


















