ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
এদিকে নবীনগর-রাধিকা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের প্রাণহানি এড়াতে অবিলম্বে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্টাফ রিপোর্টার 


















