গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি এবং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. গোলাম রসুল মৃধা রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মকছুদার রহমান মাস্টার এবং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাই কেবল শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে প্রধান অতিথির নিকট বিদ্যালয়ের জন্য সীমানা প্রাচীর ও নতুন ভবন নির্মাণের জোরালো দাবি জানানো হয়। প্রধান অতিথি অভিভাবকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্টাফ রিপোর্টার 





















