শেরপুরের নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ, ভেজাল মিষ্টি তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুই মিষ্টির দোকানসহ চার প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন শেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানে দে মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, দক্ষিণ বাজারের হোটেল শারমিনকে ৫ হাজার, রেজাউলের জিলাপি ও গুলগুলির দোকানকে ২ হাজার এবং আব্দুল হালিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মধ্যবাজারের কয়েকটি কসমেটিকসের দোকানকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।অভিযানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এহেন অভিযান পরিচালনার দাবি জানিয়েছে জন সাধারণ।

জেলা প্রতিনিধি শেরপুর 



















