কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মাহি ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মিঠাই ঘরকে ৮ হাজার টাকা এবং মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলো থেকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশানো, গ্লাভস ছাড়া খালি হাতে খাদ্য প্রস্তুত করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় সরকারি কাগজপত্র না থাকার মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিগুলো শুধরে নিয়ে বিধি মোতাবেক খাদ্য উৎপাদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারকে সার্বিকভাবে সহযোগিতা করেন কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















