জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি আমরা।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।
একই সঙ্গে রাজনৈতিকভাবে যেসব ব্যক্তিকে জনপ্রতিনিধির দায়িত্বে বসানো হয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামায়াত। বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, অতীতে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন, ফলে তার নিয়োগ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল।

























