হাজারো মুসল্লির অংশগ্রহণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদের পিতার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম।
জানাজায় স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজার আগে উপস্থিত বিশিষ্টজনেরা সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মুসল্লি মরহুমকে শেষ বিদায় জানাতে মাঠে সমবেত হন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জানাজা শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 






















