ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরের আগাছা নিজ হাতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জমিদার বাড়ির আশপাশের ঝোপঝঙ্গল, আগাছা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় ডেঙ্গু মশা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক পরামর্শ দেন।
তিনি বলেন, বাসা-বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বাসা বাঁধে। তাই ডেঙ্গু প্রতিরোধে এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবী সদস্যরা।

স্টাফ রিপোর্টার 






















