‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ রেঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ময়মনসিংহ রেঞ্জ ও শেরপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, ক্রীড়াপ্রেমী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারী বিভাগে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং নেত্রকোনা জেলা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ বিভাগে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ জেলা দল রানার্সআপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করে।
উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া ও জনসম্পৃক্ততামূলক আয়োজন করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 






















