ছয় দফা দাবিতে টানা দুই দিন কর্মবিরতি পালনের পর কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সোমবার (৮ জুন) রাত ৯টা ৪০ মিনিটে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে।
এর আগে রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবারও তাদের কর্মসূচি অব্যাহত ছিল।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা প্রদান, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রবর্তন।
এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি রয়েছে।
চিকিৎসকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণকারী বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতার আওতায় আনার সিদ্ধান্ত জানানো হয়।
তবে সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা রোববার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের আশায় আপাতত এক সপ্তাহের জন্য সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 





















