ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের আপ্যায়ন ও প্রসাদ বিতরণের জন্য সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষ্যে উপজেলার ৪৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি ত্রাণ সহায়তার চাল বিতরণ করা হয়।
গত শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্থানীয় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই চাল তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সুব্যবস্থা ও প্রসাদ বিতরণের সুবিধার্থে সরকারি তহবিল থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামসহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাল পেয়ে উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা প্রদান করায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

স্টাফ রিপোর্টার 


















