গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কাপাইস এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি নিয়মিত মাদক সেবন করে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম।
অভিযানকালে মাদক সেবনের দায়ে কাপাইস এলাকার হরমুজ আলী শেখের ছেলে হযরত আলী শেখকে (৪০) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী ফিরোজ উদ্দিন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আলামিন ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক সেবন, বিক্রি কিংবা এতে যেকোনো ধরনের সহায়তাকারীদের বিরুদ্ধে আমাদের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

স্টাফ রিপোর্টার 


















