গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ আড়াই বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে সমাধিসৌধ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সমাগম বাড়তে থাকে। একপর্যায়ে কয়েক শ নেতাকর্মী একত্রিত হয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করার কাজে অংশ নেন।
স্থানীয় ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ ছিল। পরবর্তীতে গত ১৬ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
এরই ধারাবাহিকতায় সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে আজ শনিবার ছাত্রলীগের উদ্যোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন পর সমাধিসৌধ প্রাঙ্গণে এ ধরনের কার্যক্রমকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্টাফ রিপোর্টার 


















