কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাহির থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ক্যাম্পের বাইরের এলাকা কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা জমির হোসেন (১৫)। আর কিশোরী চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মরিয়ম (১৪)এপিবিএনের দেয়া তথ্য অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল।
১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ‘ইনসিডেন্ট রিপোর্ট’ অনুযায়ী জানা যায়, কেরানতলী রাস্তার মাথা এলাকায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
পরবর্তী সময়ে প্রায় দুই ঘণ্টা ধরে অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের সঠিক পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। এরপর রাত আনুমানিক ৮টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লক এলাকায় কিশোর জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) নিকট এবং কিশোরী মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) জিম্মায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















