“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদের উন্নয়ন ও পুষ্টি বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’, ‘ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন’ এবং ‘দুধ ও মাংস পুষ্টির উৎস’—এমন স্লোগান তুলে ধরা হয়।
র্যালি শেষে রাশেদুল ইসলাম কনফারেন্স হলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসনাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য (১৫২) জনাব ডা. মো: মাহাবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. নাজনীন সুলতানা।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী করার পাশাপাশি জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার রিফাত উজ জামান 




















