“সব ধর্মের মানুষের ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিত। ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে, কারণ প্রতিটি ধর্মই মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়।”
বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়কালে সরকারের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রামপাল উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড় দিঘির পাড় ও চকগোনাসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্ত ও পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন, তাঁদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।মণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















