নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের নবীনবরণ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কলেজের প্রতিষ্ঠাতা লুৎফুজ্জামান বাবর। বক্তব্যে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডা. আফজালুন্নেসা বিনতে লুৎফরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের দাতা সদস্য ডক্টর লতিফা বিনতে লুৎফর, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের এবং মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম।
এ সময় কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, সহকারী অধ্যাপক মুখলেছুর রহমান ও প্রভাষক তাহমিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের হাতে সভাপতির পক্ষ থেকে নগদ অর্থ, বই ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। নবীনবরণ উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীকে কলম উপহার দেওয়া হয়। এছাড়া ইতিহাস বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।নবীনদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, অনুপ্রেরণা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 




















