যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন হামলার শিকার কাভার্ডভ্যান চালক রায়হান হাসান রাজিবের শ্বশুর আবদুল মজিদ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খন্দকার শরীফ রেজা তপু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার খন্দকার শরীফ রেজা তপু যশোর শহরের আরএন রোড এলাকার খন্দকার আবদুর রাজ্জাকের ছেলে। অন্যদিকে মামলার বাদীর জামাতা ও দগ্ধ চালক রায়হান হাসান রাজিবের বাড়ি জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চালক রাজিব ও তার সহকারী হৃদয় নারায়ণগঞ্জ থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। রাত দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে নুরিতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় চালক রাজিব ও সহকারী হৃদয় গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও আগুনে রাজিবের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। হামলায় কাভার্ডভ্যানের ৩০ লাখ টাকা ও ভেতরে থাকা মালামালের ৩০ লাখ টাকাসহ মোট ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন— খালধার রোডের শফি গাজী, অম্বিকা বসু লেনের বিল্লাল ও তপু, পূর্ব বারান্দীপাড়ার সজল, পুরাতন কসবার শাহাজান কবীর শিপলু ও মাহমুদ হাসান বিপু, চাঁচড়ার শামীম রেজা চেয়ারম্যান, শংকরপুরের জাহাঙ্গীর, চাঁদপাড়ার মনিরুজ্জামান, তারেক সোলাইমান, বাবুল, আমিনুর ও মনিরুল, নীলগঞ্জ তাঁতিপাড়ার টাক ইব্রাহিম, বরফকল মোড়ের আসাদ বিশ্বাস, ঝুমঝুমপুরের জাবেদ ও সনু, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, মনির, পলাশ ও আবদুল হামিদ, বাউলিয়ার সুমন ও বায়েজিদ, সীতারামপুরের তহিদ, দাইতলার হাসান, ভাইনার বাহারুল, হামিদপুরের মাসুদ ও সরোয়ার, বাহাদুরপুরের ওমর ফারুক অপু ও আকতার হোসেন ওরফে ছোট আকতার, শেখহাটি মোল্লাপাড়ার মিল্টন খন্দকার, রামনগরের শেখ আলাউদ্দিন মুকুল ও চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, মাহিদিয়ার শামীম রেজা এবং জিরাট গ্রামের রাজু চেয়ারম্যান।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন জানান, তদন্তে এ ঘটনায় তপুর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

যশোর প্রতিনিধি 




















