শারীরিকভাবে অক্ষম, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দেশব্যাপী ফ্যামিলি কার্ড (পরিবার কার্ড) কর্মসূচির আওতায় প্রকৃত তথ্য সংগ্রহের লক্ষে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে কর্মসূচির আওতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
গত শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি বলেন, “আমরা সমাজসেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়-এর যৌথ নির্দেশনায় প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করছি। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।”
সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়-এর কর্মকর্তা সফিকুল ইসলাম কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “আমরা বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করছি। এই কাজের সাফল্যের জন্য জনগণের সচেতনতা এবং সঠিক তথ্য প্রদান একান্ত প্রয়োজন। এখানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই কর্মসূচির সঠিক তথ্য প্রচার করে অসহায় মানুষকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।”
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা কর্মসূচির তথ্য সংগ্রহ, কার্ড বিতরণ ও এর সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই কর্মসূচির সাফল্যে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়-এর পক্ষ থেকে সঠিক দিকনির্দেশনা চান।এই অবহিতকরণ সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খন্দকার আব্দুল আলীম শেরপুর জেলা প্রতিনিধি 





















