নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. লিটন আকন্দ (৪৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় লিটন আকন্দের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘর পুড়ে পুড়ো ধ্বংসস্তূপে পরিণত হয়।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা পাশের পুকুর ও বাড়ির পানির সংযোগ থেকে পানি এনে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ক্ষতিগ্রস্তের বিবরণ:
আগুনে লিটন আকন্দের বসতঘরে থাকা নগদ ২ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড় ও সংসারের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে এখন দিশেহারা পরিবারটি।
পূর্বধলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 






















