নেত্রকোণার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জালশুকা এলাকার মা ফার্মেসির মালিক এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।
গত রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশুটি দুলাল মিয়ার ফার্মেসিতে কাজ করত।
শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত সাড়ে ৯টার দিকে দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ ওঠে। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন ফার্মেসিতে ভাঙচুর করেন এবং নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। এ সময় অভিযুক্ত দুলাল মিয়াকে আটক করা হলে পরিস্থিতি শান্ত হয়।
ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানান তিনি।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।উল্লেখ্য, অভিযোগের বিষয়টি তদন্তাধীন। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















