শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সফরকালে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে বরণ করে নেন।পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার শেরপুরের সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করার আহ্বান জানান।সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ ও শান্তিময় শেরপুর।

স্টাফ রিপোর্টার 



















