জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে সেপ্টেম্বর ২০২৬-এর মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।সভায় ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার 









