নেত্রকোণায় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধান ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে শুনানিতে নেত্রকোণার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী মানুষের নানাবিধ অভাব-অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক। পরবর্তীতে প্রাপ্ত আবেদনগুলোর দ্রত ও কার্যকর নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি।
এদিকে, সেবাদানের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিশ্চিতকরণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে শুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই চারা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সমস্যা সমাধানের পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব নেত্রকোণা গড়ে তুলতে জেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নেত্রকোণা প্রতিনিধি 

















