পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টার পর নোম্যান্সল্যান্ডে প্রায় ৭০ ঘণ্টা আটকে থাকা নারী ও শিশুসহ ১০ জনকে শেষ পর্যন্ত ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গত শুক্রবার (৫ জুন) ভোর ৪টার দিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নোম্যান্সল্যান্ডে আটকে দেয়।
এরপর টানা প্রায় তিন দিন—রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে নোম্যান্সল্যান্ডেই মানবেতর অবস্থায় সময় কাটান তারা। তাদের মধ্যে ছিলেন পাঁচজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই রবিবার দুপুরে আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি কড়া অবস্থান নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে অব্যাহত চাপের মুখে রবিবার (৭ জুন) রাত ২টার পর ওই ১০ জনকে নিজেদের এলাকায় ফিরিয়ে নেয় বিএসএফ।
নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “ওই ১০ জনকে ফেরত নেওয়া হয়েছে। সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।”

ডিজিটাল রিপোর্ট 





















