শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের একটি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে মারলে এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, নড়িয়া-ঘড়িসার সড়কের চাকধ বাজারে অবস্থিত ভুমখারা ইউনিয়ন শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়টি ওই সময় বন্ধ ছিল। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা তারাবিহ নামাজে গিয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
নড়িয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ সম্পাদক রয়েল মাঝি বলেন, দুর্বৃত্তরা আমাদের একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জেনেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, বিএনপির সহযোগী সংগঠনের কার্যালয়টি বন্ধ থাকা অবস্থায় সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ডিজিটাল রিপোর্ট 























