কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দায়িত্বে অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।
প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় অর্থাৎ রাত ৩টা ১০ মিনিটে হেলালের ডিউটি ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। কাউকে কিছু না জানিয়ে এবং বিকল্প কাউকে দায়িত্ব না দিয়েই তিনি কর্মস্থল থেকে চলে যান। তার এই চরম অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারের পর হেলাল নিজেই তার অনুপস্থিতির কথা স্বীকার করেছেন।
গত শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি মেইল ট্রেন রেলক্রসিংয়ে উঠে পড়া ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ১২ জন নিহত ও অন্তত ২৫ জন গুরুতর আহত হন।

ডিজিটাল ডেস্ক 






















