পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনিরসহ দুই নারী কর্মী তার বাড়িতে যান। ঘরে টাকা না থাকায় কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। এগুলো সব চক্রান্ত করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাটি ও মানুষ ডেস্ক 




















