ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে।

ডিজিটাল রিপোর্ট 




















