অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে বিশ্বকাপের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে– অনুষ্ঠানটি কাভার করেছেন ১৩টি দেশের সাংবাদিকসহ ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী। সেখানে নেইমারের নামটি যখন উচ্চারিত হয়, উল্লাস আর করতালিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি
দলে থাকলেও নেইমারের একাদশে থাকা যে নিশ্চিত নয় জানিয়ে আনচেলত্তি বলেন, ‘তিনি (নেইমার) এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রেখে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগপর্যন্ত শারীরিক অবস্থার আরও উন্নতি করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘তার (নেইমার) অভিজ্ঞতা, দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে এবং এটি সাহায্য করবে পুরো দলকে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই– যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। শুরুর একাদশ নিয়ে আমার ধারণা আছে, তবে আমি অনুশীলন দেখতে চাই, যদি খেলোয়াড়রা প্রস্তুত থাকেন। নেইমারেরও একই ভূমিকা থাকবে।’
একজন ফুটবলারের ওপর নির্ভর না করে দলগতভাবে খেলতে হবে জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার মতে শুধু একজন খেলোয়াড়ের ওপর প্রত্যাশা আটকে রাখা গুরুত্বপূর্ণ কিছু নয়। দলগতভাবে পারফর্ম করা আমাদের দায়িত্ব। বিশ্বকাপ জয়ের জন্য সবারই অবদান রাখতে হবে। আমি তারকা চাই না। আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমারকে কেবল রিজার্ভ ফুটবলার হিসেবে নেওয়া হয়নি, তিনি দলের মান বাড়িয়ে তুলবেন, এমনকি যদি এক মিনিটের জন্যও খেলেন। আমরা এমন ফুটবলারদের ডেকেছি যারা উপযুক্ত দলকে এগিয়ে নেবে। ঠিক কতটা সময় ধরে? আমি জানি না।’

ডিজিটাল ডেস্ক 
























