নওগাঁর ধামইরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে ফসলহানির শঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। পাশাপাশি কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
গত রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও খোঁজখবর নিয়ে জানা গেছে, টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে মাঠের পাকা আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে সোনালী আমন ধান পেকে আছে। কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও বেশির ভাগ জমিতেই ধান পড়ে রয়েছে। ঠিক এমন সময়ে ঘরে তোলার আগেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কৃষি সংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির ক্ষেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে বিশেষ করে আলু ও সরিষা চাষিরা বড় ধরনের ক্ষতির শঙ্কায় পড়েছেন।
এদিকে হালকা কিন্তু অব্যাহত বৃষ্টির কারণে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না।

স্টাফ রিপোর্টার 


















