বিভাগীয় পর্যায়ের “নতুন কুঁড়ি স্পোর্টস” প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে নেত্রকোণার ক্ষুদে ক্রীড়াবিদরা। প্রতিযোগিতায় নেত্রকোণা বালক ক্রিকেট দল চ্যাম্পিয়ন এবং বালিকা ক্রিকেট দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া আরও বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলার একাধিক ক্রীড়াবিদ পদক লাভ করেছেন।সাফল্য অর্জনকারী এই বিজয়ী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।
”খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেত্রকোণার ক্রীড়াবিদরা বিভাগীয় পর্যায়ে যে সাফল্য অর্জন করেছে, তা পুরো জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
— বক্তারা, সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠানে বক্তারা খুদে ক্রীড়াবিদদের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেত্রকোণার সুনাম অক্ষুণ্ণ রাখতে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সাথে ক্রীড়াঙ্গনের এই উন্নয়ন ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংর্বধনা সভায় জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক (কোচ), কৃতি খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটির সার্বিক প্রচারের দায়িত্বে ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল। সফল এই আয়োজনের মধ্য দিয়ে জেলার ক্রীড়ামোদীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 

















