জামালপুর পৌর শহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ রবিবার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিটে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর ১টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।ফলে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন।
জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, ‘দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।’
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন।পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

মাটি ও মানুষ ডেস্ক 


















