নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
রবিবার (২৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কাউসারকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতার কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফ লামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশে স্থাপিত ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার বিদ্যুতের খুঁটি থেকে খুলে পিকআপে তোলার সময় অভিযান চালানো হয়। এ সময় কাউসারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় পূর্বধলা উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেছেন।
(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেএকোণা)বিশেষ প্রতিনিধি 





















