বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। সেইসঙ্গে মাঠে ও মাঠের বাইরেও আর্জেন্টিনার ফুটবলারদের আচরণ জন্ম দিয়েছে বিতর্কের।
এরই মাঝে নতুন করে বড় দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র্যাংকিংয়ে অবনতি হয়েছে দলটির। তাদের ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এতে শীর্ষস্থানের মুকুট হারিয়ে আর্জেন্টিনার অবস্থান এখন দ্বিতীয়। এখন এই র্যাংকিং আগামী ৭ অক্টোবর পর্যন্ত আর হালনাগাদ করা হবে না।
ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। অন্যদিকে, ১৯৭০.৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রানার্স আপ আর্জেন্টিনা।
র্যাংকিংয়ের তৃতীয় স্থানে ফ্রান্স (১৯৪৮.৯৭), চতুর্থ স্থানে ইংল্যান্ড (১৯২২.৩৮), পঞ্চম স্থানে ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ স্থানে মরক্কো (১৮০৩.৯৯)।
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন র্যাংকিং নিয়মিত হালনাগাদ হওয়ায় বিশ্বকাপের শুরুতে শীর্ষে ছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালীন সেই স্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আবার শীর্ষে উঠেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু এখন তারা আবারও নিচে নেমে গেল।

ডিজিটাল ডেস্ক 
























