“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত হয়েছে।
গত রবিবার (১৬ আগস্ট) সকালে পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। দেশের সব জলাশয় পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্য চাষিদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে হবে।”
বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষতিকর অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং বিষ বা কীটনাশক দিয়ে মাছ শিকার পুরোপুরি বন্ধ করতে হবে। প্রচলিত মৎস্য আইন ও বিধি-বিধান মেনে মাছ চাষ ও আহরণের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ মৎস্য চাষিরা হলেন—ওমর ফারুক মণ্ডল, জাহিদুর রহমান (ডলার) ও তহিদুল ইসলাম। উল্লেখ্য, ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী উদযাপিত হবে।

স্টাফ রিপোর্টার 


















