ঐতিহ্য, সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ খুলনাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নগরবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি জানান, নাগরিকদের মৌলিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সড়ক ও যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেসিসি কাজ করে যাচ্ছে।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “একটি নগরীর টেকসই উন্নয়ন শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। শহরকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
তিনি নাগরিকদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে নগরের চলমান ও নতুন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সচেতনভাবে সহযোগিতার অনুরোধ জানান।
কেসিসি প্রশাসক আরও উল্লেখ করেন, খুলনার উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান ওতপ্রোতভাবে জড়িত। তাই নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে কেসিসির প্রশাসনিক ও মাঠপর্যায়ের গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “খুলনা আমাদের সকলের। তাই এর উন্নয়ন ও সুরক্ষার দায়িত্বও আমাদের যৌথ।” সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, মানবিক ও মডেল নগরীতে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বার্তার শেষে খুলনা নগরীর প্রতিটি নাগরিকের সুখ, শান্তি, নিরাপত্তা ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন কেসিসি প্রশাসক।

স্টাফ রিপোর্টার 


















