ভারতের উজান থেকে নেমে আসা ইছামতী নদীর পানির চাপে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুউপকূলে পানি বৃদ্ধিতে ঘরবাড়ি তলিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এসব অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার (১৯ আগস্ট) বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বানি বন্দি হয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে খাদ্যসহায়তা হিসেবে চাল, ডাল, আটা, তেল, লবণ ও চিনি তুলে দেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।
ত্রাণ বিতরণকালে খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে বিজিবি সর্বদাই রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্যোগ লাঘবে বিজিবির এই মানবিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্টাফ রিপোর্টার 



















