দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক রূপ নিয়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় আরও ৭০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।গত শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মোট মৃত্যু বেড়ে ৯৬০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ জন শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলেই এ সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
আক্রান্ত ও শনাক্তের চিত্র
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৭০ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া গত একদিনে ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে পৌঁছেছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়া এবং মৃত্যুর ধারা অব্যাহত থাকায় বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদানসহ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।

স্টাফ রিপোর্টার 



















