তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।
গত রোববার (৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সেলের অন্যান্য সদস্য।
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে শনাক্ত ও উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে জেলা পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সেবা দিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারের পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















