রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের সফরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটবাসীর মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল তিনটায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সিসিক প্রশাসক জানান, হযরত শাহজালাল (রহ.) এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন নিয়মিতভাবে কাজ করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সার্বিক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হচ্ছে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। সফর উপলক্ষে গত শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ডিজিটাল রিপোর্ট 




















