যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এ আর জুটমিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়েছে। এতে বাসটির চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়, ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে, একজনকে যশোর জেনারেল হাসপাতালে এবং বাকি কয়েকজনকে স্থানীয় ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতদের সর্বশেষ পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্টাফ রিপোটার 


















