বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ রিপন আহম্মেদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বড় ডাংগাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক রিপন আহম্মেদ ওই গ্রামের জরীব উদ্দিনের ছেলে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বড় ডাংগাপাড়া এলাকায় রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন, ১টি দেশীয় রামদা ও ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে জব্দকৃত মালামালসহ হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানায়, আটক রিপনের বিরুদ্ধে হাকিমপুর থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯ ও ২২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে ৩০৭ ধারায়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর মারপিট, রক্তাক্ত জখম ও চুরির অভিযোগে মামলা হয়। এছাড়া ২০২৪ ও ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০২৩ সালে বিশেষ ক্ষমতা আইনে এবং ২০২২ সালে পেনাল কোডের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর হিলিতে পৌর যুবদল থেকে বহিষ্কারের পর এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছিল।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

স্টাফ রিপোটার 



















