৪ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এই সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ।
সভার প্রধান দিকনির্দেশনা ও সিদ্ধান্তসমূহ
সার্বিক নিরাপত্তা ও নজরদারি: পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
স্বেচ্ছাসেবক ও ভিড় ব্যবস্থাপনা: ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়।
গুজব ও অপপ্রচার রোধ: সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
ধর্মীয় সম্প্রীতি রক্ষা: ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
শব্দ নিয়ন্ত্রণ ও সংবেদনশীলতা: মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার এবং পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।
সভায় জেলার বিভিন্ন থানা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ, ভক্তবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

স্টাফ রিপোর্টার 

















