শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী পাড়া (লিচুবাগান) এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, “বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং জনসাধারণের সহযোগিতায় মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 



















