দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ল্যাম্ব’-এর এসএওয়াই-এসআরএইচআর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-২) প্রকল্পের আর্থিক সহায়তায় একটি শোভাযাত্রা (র্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের যত্ন, এর সচেতনতা ও প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুব্রত কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ড. মোঃ শাহরিয়ার পারভেজ, ল্যাম্ব-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সিএস-২ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ল্যাম্ব-এর প্রকল্প দুটির প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্টাফ রিপোর্টার 


















