নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেওয়া গাড়িটির চাবি গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম ইকবাল হোসেইন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন যানবাহন সংযোজনের ফলে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও পূর্বধলা থানার আওতাধীন এলাকায় জরুরি সাড়াদান, রাতের টহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল ও সহজ হবে।
এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।গাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন গাড়িটি শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের নিয়মিত দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















