যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশাজাতীয় সিরাপ এবং পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আটক করা হয়। জব্দকৃত মালামাল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকের মতো অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















