শেরপুরের নকলায় পানিতে ডুবে যাওয়া এক নিষ্পাপ শিশুকে বাঁচাতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিজের জীবনের পরোয়া না করে শিশুটিকে উদ্ধারে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল লামিয়া ও তার যমজ বোন সামিয়া আক্তার। তাদের অসীম সাহসিকতায় শিশুটি প্রাণ ফিরে পেলেও শেষ পর্যন্ত নিজে আর ফিরতে পারেনি লামিয়া। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে তার যমজ বোন সামিয়া।
গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নকলা উপজেলার চরমধুয়া গ্রামে ব্রাক্ষণপুত্র নদের শাখা নদীতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চরমধুয়া গ্রামের সেলিম রেজার যমজ দুই মেয়ে লামিয়া আক্তার ও সামিয়া আক্তার দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এ সময় সিজদা (৮) নামে এক শিশুকে নদীর গভীর পানিতে ডুবে যেতে দেখে দুই বোন। বিলম্ব না করে শিশুটিকে বাঁচাতে মুহূর্তের মধ্যেই নদীতে ঝাঁপিয়ে পড়ে তারা। প্রাণপণ চেষ্টা চালিয়ে একপর্যায়ে তারা সিজদাকে উদ্ধার করে নিরাপদে টেনে তুলতে সক্ষম হয়। তবে শিশুটিকে বাঁচাতে পারলেও ক্লান্ত লামিয়া নিজেই হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায়।
ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তল্লাশি চালিয়ে লামিয়াকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার প্রাণপ্রদীপ নিভে যায়। তবে অপর যমজ বোন সামিয়া নিরাপদে উঠে আসতে সক্ষম হয়।
একসঙ্গে বেড়ে ওঠা দুই বোনের একজনকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। লামিয়ার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে চরমধুয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, “নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি ছোট শিশুর প্রাণ বাঁচিয়ে লামিয়া যে সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছে, তা বিরল। মাত্র ১৪ বছর বয়সে তার এই আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে।”

স্টাফ রিপোর্টার 




















